বগুড়ার সারিয়াকান্দিতে সম্প্রতি ইউরিয়া সারের সংকট দেখা দিয়েছিলো। সংকটের কারণে ইউরিয়া সার সংগ্রহ করতে কৃষকদের হুরোহুরি-পিরাপিরি করতে হয়েছ। কিন্তু এখন আর ইউরিয়া সারের সংকট নেই বাজারে। সরবরাহ বাড়ায় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে ও উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, এ উপজেলার ১২ ইউনিয়নে সবখানেই আমনধানের আবাদ করা হয়েছে। চাষ করা হয়েছে ১১ হাজার ২০ হেক্টর জমিতে। কৃষকরা ফলন বেশি পাওয়ার জন্য উঠেপরে লেগেছেন আমনচাষে। নাওয়া-খাওয়া ছেড়ে ঝুঁকে পরেছেন আমনের আবাদে। কিন্তু আমন ধান রোপন করার পরপরই ইউরিয়া সারের সংকট দেখা দেয়। সংগ্রহ করতে দিনের পর দিন অপেক্ষা করেও মিলছিলোনা ইউরিয়া সার। তবে বর্তমানে বাজারে সরবরাহ বাড়ায় সে সংকট কেটে গেছে। এতে করে আমন চাষে ইউরিয়া সার নিয়ে স্বস্তি ফিরে এসেছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন কৃষি কর্মকর্তা বলেন, আমন মৌসুম শুরুতেই আমাদের সিদ্ধান্তে কিছু ভুল ছিলো। আমরা মনে করেছিলাম জুলাই-আগস্ট মাসে এ এলাকায় বন্যা হয়ে থাকে। এ কারণে সারের অতটা প্রয়োজন নেই। কিন্তু বন্যা না হওয়ায় আমনচাষীদের ইউরিয়া সারের চাহিদা ব্যাপকহারে বেড়ে যায়। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের চাহিদা কম থাকায় কৃষকদের মধ্যে ইউরিয়া সারের সংকট দেখা দেয়।
উপজেলায় ১৪ জন বিসিআইসি অনুমোদিত ডিলার রয়েছে। বরাদ্দ অনুযায়ী তারা সার তুলে ১২ ইউনিয়নে বিতরন করে থাকে। ফুলবাড়ী ইউনিয়নে ২ জন বিসিআইসি অনুমোদিত ডিলার বরাদ্দ অনুযায়ী সার উত্তোলনের পর সরবরাহ করে থাকে। মেসার্স নূরুল ইসলামের পক্ষে মো: সুমন ইসলাম বলেন, আমাদের নামে চলতি মাসে ৩৬ মে:টন ইউরিয়া সার বরাদ্দ করা হয়েছিলো। তার মধ্যে ২০ মে:টন ইউরিয়া সার সোমবার উত্তোলনের পর কৃষকদের মাঝে সরবরাহ করা হয়েছে। বাজারে বগুড়া জেলা প্রশাসকের বিশেষ বরাদ্দ ইউরিয়া সার সরবরাহ থাকায় চাহিদা কমে গেছে।
ফুলবাড়ী গাবতলা পাড়া গ্রামের চাষী সাজু মিয়া বলেন, বাজারে সব সারের দোকানেই সার পাওয়া যাবে এটাই কৃষকদের চাওয়া। ডিলারের ঘরে লাইনে দাঁড়িয়ে সার নিতে যাওয়ার সময় নষ্ট হয় কৃষদের।
ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামের আমনচাষী তোরাফ আলী বলেন, আমি এবার ৬ বিঘা জমিতে গুটি স্বর্ণা ও রঞ্জিত জাতের আমন ধানের চাষ করেছি। মৌসুম শুরুতেই ইউরিয়া সার পায়নি। তবে বাজার থেকে ৩ বস্তা ইউরিয়া সার সংগ্রহ করার কর জমিতে প্রয়োগ করেছি। আপাতত আমার আর ইউরিয়া সারের চাহিদা নেই।
উপজেলা কৃষি অফিসার মো: আবদুল হালিম বলেন, আমাদের এখানে ইউরিয়া সারের কোন সংকট নেই। পর্যাপ্ত সার মজুত রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাই যথাসময়ে প্রয়োজন মত সার পাবেন। চিন্তার কোন কারণ নেই।