নীলফামারীর সৈয়দপুরে ছাত্রলীগের দুই নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ৫ সেপ্টেম্বর রাতে রংপুর-দিনাজপুর মহাসড়ক ইকরচালী নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হয়। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টায় মারা যায়।
জোয়ানা ও ইসলাম নামে দুটি বাসের সংঘর্ষে নিহত হয় ৮ জন। আহত প্রায় অর্ধশত যাত্রী। এদের মধ্যে সৈয়দপুরের কুন্দল এলাকার সাবেক ছাত্রলীগ নেতা সাগর ও সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক অলিউর হাসান মানিক নিহত হয়। সোমবার নিজ নিজ এলাকায় লাশ দাফন করা হয়।
তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন,পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী,নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদ্যৌল্লাহ জকি ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ অনেকে।