তিন মাস বন্ধ থাকার পর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বৃহস্পতিবার থেকে আবারও পর্যটক ও বনের উপর নির্ভরশীল জেলেদের পদচারণায় মুখরিত হবে বিশ্ব ঐতিহ্য প্রকৃতির লিলাভূমি সুন্দরবন। এ বনে প্রবেশের জন্য ইতোমধ্যে ট্যুর অপারেটর লঞ্চ ও বোর্ড চালকেরা প্রস্তুতি সম্পন্ন করেছে। পদ্মা সেতুর কারণে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এ বছর অসংখ্য পর্যটক প্রতিদিন ভিড় করবে এ বিশ্বখ্যাত বনে। এ সুযোগে বাড়বে বনবিভাগের সরকারি রাজস্ব ও পর্যটকের সংখ্যা। এ ব্যাপাওে বন বিভাগের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
শরনখোলার ট্যুর অপারেটর আলমগীর হোসেন, আঃ হালিম, মোঃ রাসেল বয়াতী, আলী আকবর বলেন, সুন্দরবনের সব চেয়ে আকর্ষনীয় স্থান হচ্ছে শরনখোলার সুপতি, কচিখালী, ডিমের চর, কটকা, বাদামতলা, টিয়ার চর, শেলার চর, দুবলার চর ও আলীবান্দাসহ বিভিন্ন এলাকা। পদ্মাসেতুর দ্বার উন্মোচিত হওয়ায় এখান থেকে কম সময় এবং কম খরচে সুন্দরবন ভ্রমনের সুযোগ সৃষ্টি হয়েছে। তারা আরো জানান, পর্যটকরা এসব স্পট পর্যবেক্ষণ করে দেখতে পাবে দল বেঁধে চলাচলকারী মায়াবী চিত্রল হরিণ, প্রকৃতির মনোরম পরিবেশ ও জীব বৈচিত্র। মোংলা সমুদ্র বন্দরের ট্যুর অপারেটর মোঃ এমাদুল হক, বাবুল মিয়া জানান, সড়ক পথে পদ্মাসেতু পাড় হয়ে প্রতিদিন অসংখ্য পর্যটক ভিড় করবেন সুন্দরবনে। এজন্য তারা আগেভাগেই প্রস্তুতি সম্পন্ন করেছেন।
সুন্দরবনের মৎস্য ব্যবসায়ী জালাল মোল্লা, রিপন বয়াতী, ডালিম হাওলাদার, মোঃ জাকির হোসেন বলেন, বিকল্প কর্মসংস্থান না থাকায় সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে ও মৎস্যজীবীরা তিনমাস খেয়ে না খেয়ে মানবেতর জীবন-যাপন করতে হয়েছে। তাই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বন বিভাগ থেকে পারমিট নিয়ে তারা জীবিকার অন্বেষনে ছুটে যাবেন সুন্দরবনে। তবে নিষেধাজ্ঞার সময় আগের মতো দুই মাস করার দাবী জানিয়েছেন জেলে ও মৎস ব্যবসায়ীরা।
সুন্দরবন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনের সব নদী-খালে মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করেছিল বন বিভাগ। এই তিন মাস মাছের প্রজনন মৌসুম হওয়ায় সব ধরনের মাছ আহরণ বন্ধের পাশাপাশি পর্যটকদের প্রবেশও নিষিদ্ধ করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্লানিংয়ের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতিবছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সব নদী-খালে মাছ আহরণ বন্ধ থাকে। এবার মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে এই সময় একমাস বাড়িয়ে ১জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত করেছে বন মন্ত্রনালয়। তাই এই তিনমাস মাছ ধরা বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে দীর্ঘ তিন মাস বন্ধ ছিল সুন্দরবন প্রবেশের সকল পারমিট।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শহিদুল ইসলাম বলেন, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে জেলে ও পর্যটকদের জন্য পাসপারমিট দেয়ার জন্য নির্ধারিত ষ্টেশন গুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। বনবিভাগের পক্ষ থেকে নিরাপত্তার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হবে।