রংপুরের পীরগাছায় সার সংকট সৃষ্টি করে কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে প্রায় দুই হাজার বস্তা সার মজুদের অভিযোগে এক কৃষকসহ দুইজন বিসিআইসির ডিলারকে জরিমানা করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত দামে সার বিক্রি করায় এক খুচরা বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। গত সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযানে ভ্রাম্যমান আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসব অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিসিআইসির ডিলার হারুন অর রশিদ বাবুল বেশি দামে সার বিক্রির জন্য অবৈধভাবে পাশ্ববর্তী কৈকুড়ি ইউনিয়নের চৌধুরাণীর বাজারের একটি গুদামে মজুদ করে রাখেন। গোপন সুত্রে তথ্য পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামসুল আরেফীনের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি গুদাম থেকে ৬৫৬ বস্তা ডিএপি, ২৫০ বস্তা পটাশ, ৯২ বস্তা ইউরিয়া ও ১৪৭ বস্তা টিএসপি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ডিলার হারুন অর রশিদ বাবুলের ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জব্দকৃত সার উপ-সহকারি কৃষি কর্মকর্তার সহায়তায় কৃষকদের মাঝে বিতরণের নির্দেশ দেন। এদিকে পীরগাছা বাজারের বিএডিসি ডিলার মোকছেদ আলীর গুদামে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুছা নাসের চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮০০ বস্তা দানা পটাশ জব্দ করা হয়। পরে অবৈধভাবে মজুদের অভিযোগে ডিলার মোকছেদ আলীর ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে দেউতি বাজারের খুচরা ডিলার রাজু আহম্মেদকে বেশি দামে সার বিক্রির জন্য ৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উপজেলার অন্নদানগর ইউনিয়নের কৃষক গোলাপ হোসেন কাজলের বাড়িতে মজুদ করে রাখা ১২০ বস্তা সার জব্দ করা হয় এবং তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামসুল আরেফীনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলমসহ কৃষি দপ্তরের কর্মকর্তা ও পীরগাছা থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। এ বিষয়ে পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম বলেন, যারাই অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকটের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে ভ্রাম্যমান আদালত।