যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়া থেকে ২০ হাজার টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-৬ যশোর। সোমবার (২৯ আগস্ট) মধ্যরাতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের হোটেল আল রেজুয়ানের (আবাসিক) ৩০৩ নং রুম থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার র্যাব-৬, সিপিসি-৩, যশোরের এসআই মো. আলমগীর হোসেন বাদি হয়ে আটক দুই জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেন।
আটককৃত মহিবুর রহমান চৌধুরী(৪৬) চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার দেশগাঁও গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে এবং সাইফুল ইসলাম(৩৮) কিশোরগঞ্জ জেলার কাটিয়াদী উপজেলার চরজাকালিয়া গ্রামের শামসুল ইসলামের ছেলে। তারা দুজনে জাল নোট চক্রের সক্রিয় সদস্য বলে র্যাবের কাছে স্বীকার করেছে।
মামলার বাদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের হোটেল আল রেজুয়ান আবাসিক হোটেলের ৩০৩ নং রুমে অভিযান চালিয়ে মো. মহিবুর রহমান চৌধুরী ও মো. সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে মহিবুর রহমান চৌধুরীর দেহতল্লাশী করে পাঁচশত টাকার ৪০টি বাংলাদেশী নকল জাল নোট (পত্রমূদ্রা) উদ্ধার করা হয়। আটক দুজনে জাল নোট চক্রের সক্রিয় সদস্য এবং সদ্য জামিনে মুক্তি পেয়ে পুনরায় এ কাজ শুরু করেছে বলে স্বীকার করেছে।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, ‘র্যাব-৬ যশোরের পক্ষ থেকে ২০ হাজার টাকার জাল নোটসহ মহিবুর রহমান চৌধুরী ও সাইফুল ইসলাম নামে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযুক্তদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।’