কিশোরগঞ্জের কটিয়াদীতে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় রাতুল (২৫)নামে এক যুবককে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। মঙ্গলবার সকালে তাকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। রাতুল উপজেলার দশপাখি গ্রামের বাদল মিয়ার ছেলে।
জানা যায়, কটিয়াদী-পাইকান ব্রীজের উপর দিয়ে স্কুল কলেজে যাতায়াতকারী ছাত্রীদের প্রায় সময়ই উত্ত্যক্ত করতো রাতুল। বড়চাপা কলেজের একাদশ শ্রেনির জনৈক ছাত্রী এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দিলে বিকালে উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান ও মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন কলেজ ছুটির সময় ধরে ব্রীজের দুই পাড়ে অবস্থান নেন। কলেজছাত্রী বাড়ি ফেরার সময় ব্রীজের মাঝামাঝি আসলে তাকে উত্ত্যক্ত করার সময় ব্রীজের দুই পাশে অবস্থান নেয়া প্রশাসন ও পুলিশের লোকজন তাকে ঘিরে ফেলে। উপায়ন্তর না দেখে পালানোর জন্য রাতুল ব্রীজ থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়ে, কিন্তু পালাতে পারেনি। পুলিশও তার সাথে ঝাঁপ দিয়ে নদী থেকে ধরে নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতে তাকে ৬মাসের কারাদণ্ড দিয়ে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন বলেন, অভিযানের সময় রাতুল পালানোর চেষ্টা করে। সে ব্রীজ থেকে নদীতে ঝাঁপ দেয়। পুলিশও তার পিছু নেয় এবং দুই পাড়ে ঘেরাও দিয়ে তাকে আটক করা হয়।