যশোরের চৌগাছায় সাহিদা (২৮) নামের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে শহরের ব্রাক অফিসের পিছনে ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। সাহিদা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে। তার স্বামী সেলিম মন্ডল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লারদরগাহর বদিনাতলা গ্রামের মৃত নজির মন্ডলের ছেলে। তিনমাস আগে বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে ভাড়া বাসায় বসবাস করছিল তারা। সাহিদা ও সেলিম চৌগাছা ডিভাইন গ্রুপে দৈনিক হাজিরায় আলু বাছাইয়ের কাজ করত।
প্রতিবেশীরা জানিয়েছেন, সেলিম মাঝে মধ্যে রাতে কোল্ডস্টোরে থাকতো। রোববার খুব সকালে সেলিম বাসায় গিয়ে আবার বেরিয়ে যায়। এর পরে বাসায় কোনো সাড়া শব্দ ছিল না। একজন প্রতিবেশী পাওনা টাকা চাইতে গিয়ে দেখেন ঘরের মধ্যে সাহিদার নিথর দেহ পড়ে রয়েছে। তার ডাক চিৎকারে লোকজন এসে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করেন।
নিহতের বাবা রবিউল ইসলাম জানান, অন্য একটি ছেলের সাথে বিয়ে হয়েছিল সাহিদার। সেই ঘরের একটি ছেলে সন্তানও রয়েছে। বিবাহ বিচ্ছেদের পরে সাহিদা ডিভাইন গ্রুপের কোল্ডস্টোরে আলু বাছাইয়ের কাজ করত। সেখানে কাজ করতে গিয়ে সেলিম নামের একটি ছেলের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে আমাদের ইচ্ছার বিরুদ্ধে সেই ছেলেকে বিয়ে করে’।
বাসার মালিক মামুন হোসেন বলেন, সাহিদার স্বজনদের অনুরোধে তাকে বাসা ভাড়া দিই। বাসা ভাড়া নেয়ার পরে তারা বিয়ে করে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করছিল।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) বাচ্চু শেখ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গলায় প্রায় ছয়ইঞ্চি দৈর্ঘ্যরে গভীর দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী পালাতক রয়েছে। পলাতক সেলিমকে গ্রেফতারের চেষ্টা চলছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।