কুড়িগ্রামের নাগেশ্বরীতে সিঁধ কেটে এক রাতে ৪ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে নাগেশ্বরী পৌরসভার বাগডাঙ্গা ফকিরটারী এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এ সময় ওই এলাকার আবদুর রহিমের ছেলে আতিকুর রহমান তাজুলের ২০ হাজার টাকা মূল্যের ভিভো ওয়াই-১১ মডেলের মোবাইল, আবদুল হালিমের ছেলে নাজমুল ইসলামের ১৫ হাজার টাকা মুল্যের রিয়েলমি মোবাইল, ইউনুছ আলীর ছেলে রেজাউল করিমের ১৮ হাজার টাকা মূল্যের মোবাইল এবং আবদুর রহমান নামের একজনের ১ হাজার ৫০০ টাকা মূল্যের একটি বাটন মোবাইল সেট চুরি করে নিয়ে গেছে চোর। ভুক্তভোগীরা জানান প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে খাওয়া-দাওয়া ও আনুসঙ্গিক কাজ শেষে ঘরের দরজা লাগিয়ে বালিশের কাছে মোবাইল রেখে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন তাদের ঘরের সিঁধ কাটা। পরে দেখেন মোবাইল ও টাকা নেই। সব মিলে প্রায় লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ চুরি হয়েছে বলেও জানান তারা।
স্থানীয়রা বলছেন আইনশৃঙ্খলা অবনতির কারণে প্রতিনিয়ত এই চুরির ঘটনা ঘটছে। ফলে অনেক অসহায় পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। এদিকে গত বৃহস্পতিবার রামখানা ইউনিয়নে চুরির ঘটনায় তিন চোরকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান জানান, ৪ বাড়িতে চুরির ঘটনা তিনি জানেন না। এ পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তবে খোঁজ নিয়ে দেখছি। আর তাদেরকে থানায় পাঠিয়ে দিন।