গাজীপুরের কাপাসিয়ায় বুধবার নিষিদ্ধ ৪০টি চায়না ম্যাজিক জাল উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার কড়িহাতা ইউনিয়নের ইকুরিয়া খাল থেকে এ জালগুলো উদ্ধার করা হয়।
সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, খাল, বিল ও মুক্ত জলাশয়ে দেশীয় নানা প্রজাতির মাছ সংরক্ষণ ও বংশ বৃদ্ধির লক্ষ্যে কারেন্ট জাল ও ম্যাজিক জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মৎসজীবী, উপকারভোগী ও জনসাধারণকে এসব জাল ক্রয়-বিক্রয় ও ব্যবহার না করতে বার বার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু এসব নিষেধাজ্ঞা সত্তেও কিছুদিন যাবৎ উপজেলার ইকুরিয়া খালে নিষিদ্ধ ম্যাজিক জাল ব্যবহার করার অভিযোগ পাওয়া যায়। ফলে বুধবার সকালে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪০টি ম্যাজিক জাল উদ্ধার করে তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে দুপুরে উপজেলা নির্বাহি কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হোসাইনের উপস্থিতিতে এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।