বগুড়ার গাবতলীতে পারিবারিক অশান্তির কারণ জানতে চাওয়া ও ঝগড়া থামাতে গিয়ে, মারপিটে ছোট ভাই ঠান্ডু মিয়া (২৫)কে হত্যার অভিযোগ উঠেছে বড়ভাই, ভাবি ও ভাতিজার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২৩ আগস্ট দিবাগত রাত সাড়ে ৮ টায় উপজেলার সোনারায় ইউনিয়নের মোমিনখাদা গ্রামে। নিহত ঠান্ডু মিয়া ও নুরু মিয়া একই গ্রামের কোরবান আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
জানাগেছে, পিতা নুরু মিয়া, মা মাজেদা বেগমের সাথে ছেলে শাহ আলমের প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন তারা আবারো ঝগড়া বিবাদে জড়িয়ে পড়লে, চাচা ঠান্ডু মিয়া অতিষ্ঠ হয়ে ভাই, ভাবি ও ভাতিজার কাছে ঝগড়া ও অশান্তির কারণ জানতে চায়। এবং ঝগড়া বিবাদে বাধা দেয়। এতে বড় ভাই নুরু, ভাবি মাজেদা বেগম ও ভাতিজা শাহ আলম ক্ষিপ্ত হয়ে ওঠে। ঠান্ডু মিয়াকে এলোপাথারী মারপিট শুরু করলে ঘটনার স্থানেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানায়। ঘটনার পর গ্রেফতার এড়াতে নুরু মিয়া, স্ত্রী মাজেদা বেগম ও ভাতিজা শাহ আলম রাতেই পালিয়ে গা ঢাকা দিয়েছে।
সংবাদ পেয়ে গাবতলী মডেল থানার পুলিশ রাতেই লাশ উদ্ধার করে। পরদিন ২৪ আগস্ট বুধবার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এব্যপারে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করাহলে তিনি জানান, সোনারায় থেকে ঠান্ডু মিয়া নামের একজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।