বাগেরহাটের শরণখোলায় চাইনিজ হোটেলের নামে ছোটো ছোটো কক্ষ বানিয়ে স্কুল কলেজের ছেলে মেয়েদের আড্ডাখানা বানানো ও তাদের অনৈতিক কর্মকান্ডের অভিযোগে উপজেলা সদরের রায়েন্দা বাজার শেরে বাংলা রোডের (কেএফসি) মিনি চাইনিজ হোটেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৩ আগষ্ট) বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ নুর ই আলম ছিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হোটেলের গোপন কক্ষ থেকে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের ক্লাস চলাকালীন অনৈতিক অবস্থায় পাওয়া যায়। তাছাড়া মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার অভিযোগে হোটেলের মালিক মোঃ আজাদ মীরকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী মেজিস্ট্রেট মোঃ নুর ই আলম ছিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রায়েন্দা বাজারের কেএফসি মিনি চাইনিজ হোটেলে অভিযান চালানো হয়েছে। অভিযানকালে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অনৈতিক অবস্থায় পাওয়া যায় এবং মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার অভিযোগে হোটেল মালিক আজাদ মীরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।