শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রীনিবাস দখলমুক্ত করার দাবীতে ক্লাসবর্জন করেছেন শিক্ষার্থীরা। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে এ ক্লাসবর্জন কর্মসূচি শুরু করেন তারা। ছাত্রীনিবাস দখলমুক্ত না হওয়া পর্যন্ত ক্লাসবর্জন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষনা দেয় তারা। গত ১৭ আগস্ট এ ছাত্রীনিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট ৪ আসনের সাংসদ এ্যাড. আমিরুল আলম মিলন।
শিক্ষার্থীরা জানান, শরণখোলা সরকারি কলেজের ছাত্রীনিবাসের একটি ঘর দখলে রেখে বসবাস করছেন ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক সাব্বির আহম্মেদ মুক্তা। একারনে আবাসিক ছাত্রীরা বিব্রত হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। কলেজ কর্তৃপক্ষ ছাত্রীনিবাসের ঘর ছেড়ে দেয়ার জন্য একাধিকবার নোটিশ দিলেও কর্ণপাত করছেন না ওই শিক্ষক। একারনে তারা ক্লাসবর্জন কর্মসূচি শুরু করেছেন।
এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী নাজমুন নাহার শান্তা, সোনিয়া আক্তার, দীপা রানী, আকরামুল হোসেন জসিম জানান, ছাত্রীনিবাসের মধ্যে একজন শিক্ষক কিভাবে সববাস করেন সেটা আমাদের বোধগম্য নয়। এত বলার পরেও তিনি যেহেতু বাসা ছাড়ছেন না তাই আমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাসবর্জন কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। এ সময় উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরাও শিক্ষার্থীদের দাবীর সাথে একত্মতা প্রকাশ করেন।
জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক সাব্বির আহম্মেদ মুক্তা বলেন, প্রতিহিংসাবসত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার বাড়ির বিল্ডিং এর কাজ শেষ হলে এমনিতেই বাসা ছেড়ে দেব।
এব্যাপারে কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন ফকির বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। ওই শিক্ষককে একাধিকবার নোটিশ ও মৌখিকভাবে বলার পড়েও তিনি ছাত্রীনিবাসের মধ্যে বসবাস করছেন। এটি শিক্ষকদের জন্য অসম্মানজনক। তার উচিত দ্রুত বাসা ছেড়ে দেয়া।