চালকের অসতর্কতায় ট্রাকের ধাক্কায় হেলপার আঃ রহমানের (৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকাল ৪টায় ফুলতলার শিকিরহাটের জসিম খন্দকারের মালিকানাধীন শাহ্ সিমেন্ট ঘাটে। নিহত হেলপার আঃ রহমান যশোর রাজারহাট এলাকার জহির হোসেনের ছেলে এবং ট্রাক চালক সোহেল (২৭) একই এলাকার আঃ সাত্তারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে ভৈরব নদের তীরে শিকিরহাটের শাহ্্ সিমেন্ট ঘাট থেকে যশোর ডিলারের সিমেন্ট বোঝাই শেষে ট্রাকটি (যশোর-১১-২৬১৮) ঘোরাচ্ছিল। এ সময় ওই ট্রাকের পিছনে থাকা হেলপার আঃ রহমান ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফুলতলা থানা কমপ্লেক্সে নেয়ার পরপরই তাঁর মৃত্যু ঘটে। পুলিশ ট্রাক চালক সোহেলকে আটক ও ট্রাকটি জব্দ করেছে।
এ ব্যাপারে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার বলেন, নিহত হেলপারের পরিবারের সদস্যরা আসার পর মামলার বিষয় সিদ্ধান্ত নেয়া হবে।