রোববার সকালে ঝিকরগাছা উপজেলার পারবাজার এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।
আটককৃতরা হলো যশোর সদর উপজেলার শেখহাটি এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে রোকনুজ্জামান শাওন, চৌগাছা উপজেলার হায়াতপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আল মামুন ও ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে রুবেল হোসেন।
র্যাব-৬ যশোরের অধিনায়ক লে: কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পারবাজার এলাকায় শাহজাহান আলীর “স” মিলের সামনে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসীরা একটি ব্যাংকের টাকা ছিনতাইয়ের জন্য অবস্থান করছে। এরপর র্যাবের একটি টিম অভিযান চালিয়ে রোকনুজ্জামান শাওন, আল মামুন ও রুবেল হোসেন নামে তিনজনকে আটক করে। তবে তাদের সহযোগী ফাহিম নামে এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় আটকৃতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।