২ আগস্ট জগৎখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে খুলনার পাইকগাছায় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার ভূমি এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, এমআর মন্টু, আলাউদ্দিন রাজা, প্রমথ সানা, আবদুল আজিজ, বি সরকার, স্নেহেন্দু বিকাশ, মহানন্দ অধিকারী মিন্টু, এমদাদুল হক, এন ইসলাম সাগর, আসাদুল ইসলাম, পূর্ণ চন্দ্র মন্ডল, আবুল হাশেম, অমল মন্ডল, বদিয়ার রহমান, ফসিয়ার রহমান, ফিরোজ আহম্মেদ ও শাহরিয়ার কবির প্রমুখ। মতবিনিময় ও প্রেস ব্রিফিংএ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় শুধু পাইকগাছার সম্পদ নয় উনি বাংলাদেশের সম্পদ। তিনি শুধুমাত্র বিজ্ঞানী ছিলেন না তিনি একাধারে শিক্ষানুরাগী, সমবায়ী, দানবীর, শিক্ষক, গবেষকসহ অসংখ্য গুণের অধিকারী ছিলেন। তার জীবনী বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ব্যাপক লেখনির প্রয়োজন। প্রেস ব্রিফিংএ জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কেএম খালিদ এক দিনের সফরে আগামী ২ আগস্ট পাইকগাছায় আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার প্রবেশদার কপিলমুনি বধ্যভূমি ও বীর মুক্তিযোদ্ধা গুরুদাসী মাসীর বাড়ি পরিদর্শন, দুপুর সাড়ে ১২টায় কয়রা মসজিদকুড় পীর খানজাহান আলী (র:) মসজিদ, আমাদী দীঘি, কাবাড়ীপাড়া কালিমন্দির পরিদর্শন এবং বিকাল সাড়ে তিনটায় বিজ্ঞানীর জন্ম ভিটাবাড়ি রাড়-লীস্থ ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে পিসি রায়ের প্রতিকৃতিতে মাল্যদান, বিজ্ঞানীর স্মৃতি বিজড়িত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন এবং জেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী যোগদান করবেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু এবং সভাপতিত্ব করবেন খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। আলোচনাসভা শেষে তিনি খুলনার উদ্দেশ্যে রওনা হবেন। ৩ জুলাই সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।