ফেসবুক ও ইউটিউবের ভাইরাল তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে বগুড়ার নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এমদাদুল হক নামে এক সাংবাদিক।
রোববার (৩১ জুলাই) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এতথ্য নিশ্চিত করেছেন। গত শনিবার রাতে নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং ১২৯২।
জিডিতে ওই সাংবাদিক উল্লেখ করেন, তিনি দৈনিক সময়ের কাগজ ও দৈনিক আলোর পথ পত্রিকার প্রতিবেদক হিসেবে কাজ করেন। গত বুধবার তিনি ‘হিরো আলমকে শেষ বার সতর্ক করলেন নুসরাত’ শিরোনামে আলোর পথ পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ করেন। ওই দিন সন্ধ্যায় হিরো আলম তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কল করে তাকে সংবাদটি ডিলিট করতে বলেন। সংবাদটি ডিলিট না করলে হিরো আলম তাকে গালিগালাজ করেন ও তার সমস্যা করবে বলে হুমকি দেন।
জানতে চাইলে হিরো আলম বলেন, আমি ওই সাংবাদিককে চিনিই না। আর এমদাদুল হক নামের সাংবাদিককে কোন গালিগালাজ বা হুমকি দেয়নি। এ ছাড়া নন্দীগ্রাম থানায় জিডি হয়েছে তা আমার জানা নেই।