বাংলাদেশ ষড় ঋতুর দেশ। ঋতু ভেদে এদেশের কৃষকরা বিভিন্ন ফসলাদি চাষ করে। ভরা শ্রাবণ মাসে কাঙিক্ষত বৃষ্টি না হওয়ায় রোপা আমন চাষ করতে না পেরে দিশেহারা পড়ছে কৃষকরা। আষাঢ় ও শ্রাবন মাস নিয়ে বর্ষা ঋতু। এ সময় প্রচুর বৃষ্টি হয়। আর আষাঢ় মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয় আমনের বীজতলা। কিন্তু আষাঢ় মাসের শেষ হয়ে শ্রাবণ মাসের অর্ধেক হলেও বৃষ্টি না হওয়ায় আমন চাষ নিয়ে বিপাকে আছে উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলার কয়েক হাজার আমন চাষী। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নে এবছর ১৪ হাজার ৭ শ ২০ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এ বছর অনাবৃষ্টির কারণে অনেক কৃষক বীজতলা তৈরি করলেও তাদের বীজতলা নষ্ট হয়েছে। এখনও যদি বৃষ্টি হয় তাহলে ১৫ হাজার হেক্টর বেশি আমন চাষ হবে বলে আশা করছেন কৃষি অফিস। কয়রা সদর ইউনিয়নের ৬ নম্বর কয়রা গ্রামের কৃষক রতন মুন্ডা বলেন, তিনি ৯ বিঘা জমি বর্গা নিয়ে, তার জমানো টাকা দিয়ে আমনের বীজ তলা তৈরি করেছেন। তবে বৃষ্টি না হওয়ায় তার বীজতলা শুকিয়ে যাচ্ছে। একই গ্রামের আবদুর রশীদ মল্লিক বলেন, তার নিজের ২ বিঘা জমি ও অন্যের কাছ থেকে ২ বিঘা জমি বর্গা নিয়ে আমনের চাষের জন্য ৪ বিঘা জমির বীজতলা তৈরি করেছেন। তবে অনাবৃষ্টিতে তার বীজতলা শুকিয়ে নষ্ট হয়েছে। তবে তার আবার নতুন করে বীজতলা তৈরি করতে দিগুণ দামে বীজ কিনতে হবে। তবুও সেই আশায় বসে আছে। তবে সম্প্রতি সময় বৃষ্টি না হলে তাও সম্ভব হবেনা বলে জানান তিনি। উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের ধান চাষী বাবর আলী মোড়ল বলেন, অনান্যবার আষাঢ়ের মাঝামাঝিতে ধান ফেলায়, কিন্তু এবার বর্ষা না হওয়ায় এখনও বীজ ধান ভিজাতে পারিনি। সারাবছরে একটি ফসল হয়, এই বর্ষার মৌসুমে বর্ষা না হলে কৃষকের যে কি পরিমান ক্ষতি হবে বলা যাচ্ছে না। একই ইউনিয়নের হরিকাটি গ্রামের রাহুল মন্ডল বলেন, সময় চলে যাচ্ছে, আবার বৃষ্টিও হচ্ছে না। ধান ভিজিয়ে ছিলাম এখন কল গজিয়েছে। বৃষ্টি হচ্ছে না তবুও পানি তুলে চাতর তৈরী করে ধান ফেলেছি। বৃষ্টি না হলে পাতা হবে না। সরকারি বীজধান খুব চড়া মূল্যে কিনতে হয়েছে, যদি বৃষ্টি না হয় তাহলে এবার আর কোন উপায় থাকবে না। আমাদী এলাকায় যেন ঘরা মৌসুম চলছে। বিল শুকিয়ে চৌচির অবস্থা। কয়রা উপজেলার ৭টি ইউনিয়নের চিত্র একই রকম। মহা দুশ্চিনতায় রয়েছে আমন চাষের কৃষকরা। উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান রাব্বি বলেন, এ বছর উপজেলায় ১৪ হাজার ৭শ ২০ হেক্টর জমিতে আমনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অনাবৃষ্টির কারণে অনেক জায়গায় বীজতলা নষ্ট হয়েছে। মাঠপর্যায়ে আমাদের উপ-সহকারি কৃষি অফিসাররা কৃষকের নানা ধরনের পরামর্শ দিচ্ছে। তবে দ্রুত বৃষ্টি হলে এ অবস্থার উন্নতি হবে।