ব্রাহ্মণবাড়িয়ায় ৩১ জুলাই সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরকাজের কারণে গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এজন্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছেন জেলার বাসিন্দারা।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ আখতারুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। এ ব্যাপারে জেলা শহরে মাইকিং করা হচ্ছে।
এ প্রসঙ্গে উপ-মহাব্যবস্থাপক আখতারুজ্জামান বলেন, ৩১ জুলাই সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত চার লেন সড়কে গ্যাসলাইন স্থানান্তরের কাজ করা হবে। তাই তিন দিন পুরো জেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জানা গেছে, জেলার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন সড়কের কাজ চলছে। ওই সড়কের ইউটিলিটি শিফটিংয়ের আওতায় সদর উপজেলার ঘাটুরা টিবিএস থেকে পুনিয়াউট নতুন বাইপাস পর্যন্ত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মাধ্যমে গ্যাস পাইপলাইনের কাজ করা হবে। ৩১ জুলাই সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত এই কাজ করা হবে। এজন্য তিন দিন ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলের আবাসিক ও বাণিজ্যিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এদিকে জেলার বিভিন্ন প্রতিষ্ঠান, দফতর, হাটবাজার, চায়ের দোকান ও শহরের বাসিন্দারা আগে থেকেই বিকল্প প্রস্তুতি নিতে শুরু করেছেন। শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা বাজার থেকে কেরোসিনের স্টোভ চুলা, ইলেকট্রিক ও মাটির চুলা, রাইস কুকারসহ বিভিন্ন পণ্যসামগ্রী কেনা শুরু করেছেন। অনেকেই তিন দিনের জন্য আগে থেকে খাবার রান্না করে রাখার পরিকল্পনাও করছেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন, তিন দিন গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। প্রথম দিন সকাল থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত জেলায় গ্যাস থাকবে না। তবে প্রথম দিন বিকেল বা সন্ধ্যার পর পৌরসভা, শিল্প এলাকা ও সরাইল উপজেলায় গ্যাস-সংযোগ দেয়ার চেষ্টা থাকবে। সর্বোচ্চ দুটি এলাকা সক্রিয় করে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তবে শহরের পশ্চিম দিকে মূলত কাজ হবে। তাই সেখানে তিন দিনই গ্যাস থাকবে না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম দিনই বিকেল থেকে তৃতীয় দিন পর্যন্ত তারা দুটি এলাকায় (ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও সরাইল) গ্যাস সংযোগ দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন।