খুলনার পাইকগাছায় পানিতে চুবিয়ে হত্যারচেষ্টায় মামলায় পুলিশ ৪জনকে গ্রেপ্তার করেছে। জমিসংক্রান্ত বিরোধে নারীকে পানিতে চুবিয়ে হত্যায় ব্যর্থ হয়ে চিংড়িঘেরের মাছ লুট ও বাসাবাড়ি ভাঙচুরের অভিযোগে শুক্রবার থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ শুক্রবার রাতেই আসামিদের গ্রেপ্তার করে। শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আবদুল মান্নানের সঙ্গে একই এলাকার আবু বক্কর গাজীর (৬৬) জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় মান্নানের দখলে থাকা চিংড়িঘেরে আবু বক্কর গাজীসহ ১০-১৫ জন হামলা চালায়। এ সময় ঘেরের বাসাবাড়ি ভাঙচুরসহ আবদুল মান্নান গাজীর স্ত্রীকে পানিতে চুবিয়ে মৃত ভেবে ফেলে রেখে ঘেরে থাকা চিংড়ি মাছ ধরে নিয়ে যায়। এ সময় এলাকাবাসী নারীকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আবদুল মান্নান বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ কর্মকর্তা আরও বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মানিক গাজীর ছেলে আবু বক্কর গাজী, আবু বক্কর গাজীর ছেলে সাহেব আলী গাজীসহ (৩৮) ও দুই নারীকে গ্রেপ্তার করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জিয়া বলেন, চারজনকে আটক করে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।