গাজীপুর কাপাসিয়ায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সুবিধাভোগিদের উপস্থিতিতে দলিল হস্তান্তরের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি। উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মোর্শেদ মৃধার পরিচালনায় এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা আ'লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা সরকার, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াসমিন, সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, তরগাঁও ইউপি চেয়ারম্যান আইয়ূবুর রহমান সিকদার, রায়েদ ইউপি চেয়ারম্যান সফিকুল হাকিম মোল্লা হিরন, সুবিধাভোগি পুস্প রানী, সিরাজ উদ্দিন, ওমর ফারুক প্রমূখ। এ ছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক ভাবে কাপাসিয়া উপজেলার ৩টি ইউনিয়নে ১৬১ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। উপজেলার রায়েদ ইউনিয়নের সাহাবিদ্যারকোট মৌজায় ৬৫জন, বারিষাব ইউনিয়নের শ্যামপুর মৌজায় ২৮জন এবং তরগাঁও ইউনিয়নের দেওনা মৌজায় ৬৮জনকে দলিলসহ জমি ও গৃহ প্রদান করা হয়। ইতঃপূর্বে ৩য় দফায় ১’শ ১২জনকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। ক’ শ্রেণির ভূমিহীন যাদের কিছুই নেই আর খ’ শ্রেণির ভূমিহীন যাদের জমি আছে ঘর নেই, এধরনের পরিবারকে এ সহায়তা প্রদান করা হচ্ছে। প্রতিটি ঘরের জন্য ২ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। ২ শতক জমির উপর দুই কামড়া বিশিষ্ট রান্না ঘর, বারান্দা ও টয়লেট সহ টিনসেড পাকাঘর হস্তান্তর করা হয়েছে। প্রতি ১০টি পরিবারের জন্য একটি করে সাবমারসিবল পাম্প বসানো হয়েছে। প্রত্যেকটি ঘরের জন্য আলাদা করে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।
সুবিধাভোগিদের মাঝে দলিল হস্তান্তরের সময় প্রধান অতিথি সিমিন হোসেন রিমি বলেন, শুধু ঘর নয়, ঘরের সাথে প্রত্যেকের স্বপ্নও জড়িত আছে। এটা আপাদের স্বপ্নের ঠিকানা। ইতঃপূর্বে কেউ এভাবে স্বপ্ন দেখিয়ে বাস্তবায়ন করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে পেরেছে। বিএনপির সময় আশ্রয়ণ প্রকল্পের ঘরে গরু-ছাগল থাকতো। জমিসহ ঘরটি আপনাদের দান করা হয়েছে। এটা আপনারা যতœ করে রাখবেন। ঝগড়া বিবাদ না করে সকলে মিলেমিশে থাকবেন। যা পেয়েছেন দার জন্য কৃতজ্ঞতা স্বীকার করবেন। এ পর্যন্ত সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে ১৫’শ লোকের থাকার ব্যবস্থা হয়েছে। শেখ হাসিনা এদেশের মানুষকে উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন। দেশের চেহারা এখন পাল্টে গেছে। উন্নয়নের স্বপ্ন সব সময়ই থাকবে। স্বপ্ন নিয়েই মানুষকে তার লক্ষে পৌঁছাতে হয়।
উল্লেখ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে একযোগে ৫২টি উপজেলার ২৬ হাজার ২শ ২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও ঘরসহ দলিল হস্তান্তর করা হয়েছে। এর মাঝে গাজীপুরের কাপাসিয়ায় তৃতীয় পর্যায়ে ১’শ ৬১টি পরিবারের মাঝে ২ শতক জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।