মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান।
বুধবার (২০ জুলাই) দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা আক্তার, উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২১ জুলাই) তৃতীয় পর্যায়ে ২য় ধাপে আরও ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এরই প্রেক্ষিতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ রাজনগর গ্রামে ৩৭টি নির্মিত গৃহ ভুমিহীন ও গৃহহীন পরিবারকে প্রদান করা হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে ২০২০-২০২১ অর্থ বছরে প্রথম পর্যায়ে সারাদেশে ৬৬ হাজার ১৮৯টি গৃহ নির্মাণের জন্য অর্থ বরাদ্ধ করা হয়। যার মধ্যে কালীগঞ্জ উপজেলায় ২৫টি গৃহ বরাদ্ধ প্রদান করা হয়েছে ও হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের মধ্যে কালীগঞ্জ উপজেলায় ২০টি গৃহ বরাদ্ধ করে তাদের গৃহ নির্মাণ করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ২৬ এপ্রিল মঙ্গলবার দুপুর ১১টায় তৃতীয় পর্যায়ে ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় তুমিলিয়া ইউনিয়নের দক্ষিণ রাজনগরে ৪৫টি ঘর হস্তান্তর করা হয়েছে। কালীগঞ্জ উপজেলায় সর্বমোট ১২৭টি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হবে। এ পর্যন্ত মোট ৯০টি গৃহ নির্মাণ করে তাদের পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।