বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের আওয়াধীন আক্কেলপুর হলহলিয়া ব্রীজে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে নদীতে পড়ে নিখোঁজ কিশোর মেহেদী হাসানের (১৫) মরদেহ পাওয়া গেছে।
সোমবার সকালে আক্কেলপুর উপজেলার হলহলিয়া রেল সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ডুবুরি দল।
এর আগে গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চলন্ত ট্রেন থেকে হলহলিয়া রেল সেতুতে ধাক্কা লেগে তুলসীগঙ্গা নদীতে পড়ে ওই কিশোর নিখোঁজ হয়েছিল।
মেহেদী হাসান পঞ্চগড়ের বাতুভিটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে তার দাদি ও বোনের সঙ্গে ট্রেনে করে পঞ্চগড়ে যাচ্ছিল।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম হাবিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য রাতে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধান শুরু করেছিল। সন্ধান না পাওয়ায় রাত ১০টার দিকে অভিযান স্থগিত করা হয়। সোমবার সকালে রাজশাহী থেকে একটি ডুবুরি দল এসে আবারও উদ্ধার অভিযান শুরু করে। পরে নদীর তলদেশ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, রেল ভ্রমণে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। চলন্ত ট্রেন থেকে মাথা বের করা, সেলফি তোলা, দরজায় বসে থাকা, হাত বের করা থেকে বিরত থাকতে হবে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানা ওসি শাকিউল আযম বলেন, ট্রেনে ওই কিশোরের সঙ্গে তার দাদি ও বোন ছিল। তার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়া লাশ নেওয়ার জন্য আবেদন করে। থানায় অপমৃত্যু মামলা হওয়ার পরে সোমবার সকালে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেন।