শরণখোলার লোকালয় থেকে একটি হরিণ ও একটি অজগর উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া চিত্রল হরিণটি অবশেষে রাতে মারা গেছে। সোমবার (১৮জুলাই) সকালে মৃত হরিণটি বন বিভাগের শরণখোলা ষ্টেশন সংলগ্ন এলাকায় মাটি চাঁপা দেয়া হয়। উদ্ধার হওয়া মালি হরিণটি গর্ভবতী ছিল বলে জানা যায়। অপরদিকে একই দিন ঐ গ্রাম থেকে ৯ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, রোববার বিকেলে হরিণটি উদ্ধার করে বনে অবমুক্ত করার জন্য নিয়ে যান। কিন্তু হরিণটি বনে ছেড়ে দেয়ার পরে হাটতে পারছিলনা। পরে তারা শরণখোলা ষ্টেশন অফিসে নিয়ে এসে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে খবর দেন। সন্ধ্যায় ওই দপ্তর থেকে একজন উপসহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা এসে হরিণটির চিকিৎসা করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতে হরিণটি মারা যায়। এ ব্যাপরে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে হরিণটি মাটি চাঁপা দেয়া হয়েছে। উপসহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, গ্রামবাসি ধরার সময় হরিণটির মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে মারা যেতে পারে।
রোববার বিকেলে সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের ঢালির ঘোপ পাড় হয়ে সগির ঘরামির বাড়ির পাশে চলে আসে হরিণটি। এরপর ভিলেজ রেস্পন্স টিম (বিটিআরটি), বাঘ বন্ধু ও গ্রামবাসী মিলে হরিণটি উদ্ধার করে বন রক্ষীদের খবর দেয়।
অপরদিকে ৯ফুট লম্বা ১২ কেজি ওজনের একটি অজগর সকালে সোনাতলা গ্রামের জাহাঙ্গীর হাওলাদরের বাড়িতে ঢুকে একটি হাঁস খেয়ে ফেলে। পরে সেটি উদ্ধার করে সুন্দরবনের ভোলা এলাকার অবমুক্ত করে বন বিভাগ।