খুলনার পাইকগাছায় বৃহৎ গাঁজাগাছ উদ্ধার পূর্বক সঞ্জয় দে নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশ কাঠি গ্রামের ধৃতের গ্রামস্থ পানের বরজ থেকে স্থানীয় ক্যাম্প পুলিশের আইসি সঞ্জিত বিশ্বাস ও থানার এসআই উত্তম চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে এ গাঁজা গাছ উদ্ধার করেন। সংশ্লিষ্টদের অভিমত, এ গাঁজা গাছটির বয়স হবে দেড় বছরের বেশি ও মূল্য ৫০ হাজার টাকার বেশি। থানা ওসি মো. জিয়াউর রহমান জিয়া জানান, গাঁজা গাছ উদ্ধারে ধৃত ব্যক্তির নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে। এর আগে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি আউটপোস্ট নলিয়ানের একটি টহলদল সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১৯০পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. মামুনুর রহমান, বিএন। তিনি বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত ১০ টায় কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি আউটপোস্ট নলিয়ানের একটি টহলদল গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরবন সংলগ্ন পাইকগাছার শান্তা লঞ্চঘাট এলাকা হতে ১৯০পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ একজন মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়। আটক মাদককারবারি হলেন কয়রা উপজেলার চানিরচক ভান্ডারপোল গ্রামের আয়জুল সরদারের ছেলে মো. রবিউল সরদার (২৮) জব্দকৃত ইয়াবা ও গাঁজাসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।