খুলনার পাইকগাছায় মসজিদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে মারপিটে কমিটির সম্পাদক মো. আলতাফ হোসেন বাচ্চু গাইন (৪৫)কে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার চাঁদখালী ইউপির শাহাপাড়া জামে মসজিদে অনাকাঙ্খিত এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। জানাগেছে, এ নিয়ে এলাকায় দু'পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শাহাপাড়া জামে মসজিদ কমিটির সম্পাদক মো. আলতাফ হোসেন গাইন বাচ্চু বলেন, ১৫ জুলাই শুক্রবার জুম্মায় নামাজ পড়ে মুসল্লীদের সাথে আলোচনা করে মসজিদ কমিটির ক্যাশিয়ার শাহিদুল গাইনের কাছে মসজিদের আয়-ব্যয়ের হিসাব চাওয়া হয়। এ নিয়ে দু'এক কথায় উভয়ে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে শাহিদুল গাইন ও তার ভাইরা সম্পাদক আলতাফ গাইনের উপর হামলা করে গায়ের পাঞ্জাবি ছিড়ে ফেলে পরবর্তীতে লাঠিপেটা করে তাকে আহত করে। মারপিটের পর স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আলতাফ হোসেন বাদী হয়ে শাহিদুল ও তার ভাই শামিম, শাহিন গাইনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। থানা ওসি মো. জিয়াউর রহমান জিয়া, মারপিটের ঘটনায় মসজিদ কমিটির সম্পাদকের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন।