শিক্ষার্থীদেরকে হাতেকলমে শিক্ষা দিতে ইট - সিমেন্ট, পাথর-বালিতে জ্যামিতির বিভিন্ন বিষয়ে নির্মান করা হয়েছে “জ্যামিতিক কর্ণার”। পীরগঞ্জ উপজেলার জলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই জ্যামিতির কঠিন বিষয়গুলো শিক্ষার্থীদের মাঝে সহজভাবে উপস্থাপন করতেই এই উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক নুর আলম মিয়া। বিগত ১৯৯১ সালে প্রতিষ্ঠিত ওই প্রাথমিক বিদ্যালয়টি এলাকায় জ্ঞানের আলো বিতরণ করে আসছে। বিদ্যালয়টির পতাকা ষ্ট্যান্ড ও মঞ্চের পাশেই মাস কয়েক আগে ওই জ্যামিতিক কর্ণার নির্মান করা হয়েছে। সেখানে বৃত্ত, আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম, বিষমবাহু ত্রিভুজ, সমবাহু বহুভুজ, চতুর্ভুজ, সামন্তরিক এই ১০টি বিষয় নির্মাণ করা হয়েছে। ঈদুল আজহার ছুটি চলাকালীন সময় গত ১৩ জুলাই বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায় ওই কর্ণারটি। প্রধান শিক্ষক নুর আলম বলেন, কিছুদিন আগে আমরা জ্যামিতির বিষয়গুলো সহজভাবে উপস্থাপনের জন্য জ্যামিতিক কর্ণারটি নির্মাণ করেছি। এটি বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করেছে। বাইরে থেকে অনেকেই কর্ণারটি দেখতে আসছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উজ্জামান বলেন, শিক্ষার্থীদের মাঝ থেকে জ্যামিতিক ভীতি দূর করা এবং তা সহজবোধ্য করতেই জ্যামিতিক কর্ণারটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এটি শিশু শিক্ষার্থীদের মনে আজীবনের জন্য দাগ কাটবে। কখনোই ভুলবে না তারা। কারণ তথ্যগত শিক্ষার পাশাপাশি শিক্ষা উপকরণ দিয়ে হাতেকলমে শেখানো হলে শিক্ষার্থীরা তাদের স্মৃতির ভান্ডারে দীর্ঘদিন ধরে রাখে। তিনি আরও বলেন, পীরগঞ্জ উপজেলায় মোট ২৩৬ টি সরকারি বিদ্যালয় রয়েছে। ওইসব বিদ্যালয়েও এমন শিক্ষা সংশ্লিষ্ট উপকরণ উপস্থাপন করা হলে অনেক ভালো হতো। এছাড়াও বেসরকারিভাবে আরও কিছু প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। সেগুলোও অনেক ভুমিকা রাখছে শিক্ষা ক্ষেত্রে।