নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার তদন্তের জন্য নেওয়া ঘুষের টাকা ফেরত চাওয়ায় রংপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে এক বৃদ্ধ ও তার ছেলেকে মারধরের ঘটনা ঘটেছে। এতে আহত আফসার আলী ও তার ছেলে শাহিন মিয়াকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি বুধবার (১৩ জুলাই) বিকেলে সদর উপজেলা পরিষদের সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা শিখা রাণী রায়ের দপ্তরে ঘটেছে।
ওই ঘটনার পরই মারধরের শিকার পরিবারটি সমাজসেবা কর্মকর্তা শিখা রাণী রায়ের ঘুষ চাওয়া সংক্রান্ত কথোপকথনের একটি অডিও ক্লিপ গণমাধ্যমকর্মীদের সরবরাহ করেছেন। যদিও মারধর করাসহ ঘুষ চাওয়ার অডিওর বিষয়টি অস্বীকার করছেন সমাজসেবা কর্মকর্তা।
ঘুষের টাকা চাওয়ায় অডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে নড়েচড়ে বসেছে জেলা ও বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর। এরইমধ্যে ঘুষ নেয়ার অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। শোকজ করা হয়েছে ওই সমাজসেবা কর্মকর্তাকে।
এদিকে ভুক্তভোগী ও মামলার বাদী গৃহবধূ আফসানা মিমি জানান, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এ স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি ও ভ্রুণ হত্যার অভিযোগে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রংপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিখা রাণী রায়কে নির্দেশ দেন আদালত।
দীর্ঘ ৫ মাস তদন্ত প্রতিবেদনের জন্য ধর্ণা দিলেও শেষে শিখা রাণী রায় ভুক্তভোগী পরিবারের কাছে ঘুষ দাবি করেন। একপর্যায়ে বাধ্য হয়ে আফসানা মিমির দরিদ্র বাবা আফসার আলী কষ্ট করে ১০ হাজার টাকা জোগাড় করে দেন। কিন্তু বুধবার (১৩ জুলাই) আদালতে বিপক্ষে প্রতিবেদন দাখিল করায় এদিন বিকেলে টাকা ফেরত নিতে উপজেলা পরিষদে গেলে শিখা রাণী রায় ও তার অফিসের কর্মচারীরা আফসার ও তার ভাই শাহিনকে বেধড়ক মারপিট করে তাড়িয়ে দেয়।
এদিকে, ভূক্তভোগী পরিবারের কাছে ঘুষ চাওয়া সংক্রান্ত ৪৪ সেকেন্ডের একটি অডিও রেকর্ডটি এই প্রতিবেদকের হাতে এসেছে। তাতে একজন পুরুষ আফসানা মিমির বাবা পরিচয়ে কবে তদন্ত রিপোর্ট দেবেন জানতে চাইলে একজন নারীকণ্ঠে বলছেন, 'যতো তাড়াতাড়ি আমাদের সন্তুষ্ট করতে পারবেন, ততো তাড়াতাড়ি রিপোর্ট পাবেন।'
একই অডিওতে পুরুষ কণ্ঠে আবার বলা হয়, যে ১০ হাজার দিয়েছি, তা দিয়েই কাজটা করে দেন। তখন নারী কণ্ঠে বলা হয়, দেখি অফিসে গিয়ে আগে কথা বলি ...।
এ ব্যাপারে শিখা রাণী রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘুষ নেয়ার অভিযোগটি অস্বীকার করেছেন। একই সঙ্গে তার কার্যালয়ে মারধরের কোনো এমন ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন।
ঘুষের টাকা চাওয়ায় অডিও প্রসঙ্গে রংপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিখা রানী বলেন, টাকা পয়সা সংক্রান্ত কোনো কথা আমি বলিনি। আপনারা অডিওটি ভালো করে শুনবেন। মামলা তদন্ত সংক্রান্ত কথাবার্তা হয়েছে। ভুক্তভোগী পরিবার থেকেই টাকা দিতে চেয়েছিল।
এদিকে রংপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল মতিন বলেন, ঘটনাটি শোনার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে অভিযোগটির সত্যতা পাওয়া গেছে। একারণে ওই কর্মকর্তাকে শোকজও করা হয়েছে। এ ঘটনায় আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে।