ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক মামলায় দুই বছরের সাজা প্রাপ্ত আসামি স্বামী-স্ত্রীসহ তিনজনকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে নবীনগর থানার পুলিশ।
জানাযায়,নবীনগর থানা এলাকায় বিভিন্ন মামলায় আসামি গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে বৃহস্পতিবার বিকেলে নবীনগর পৌর সদরে হরিসভা সংলগ্ন বাসিন্দা, কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন দেবের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি লিটন দেব(৪৬), তার স্ত্রী মনি রানী দেব(৪০), মাইনুল ইসলাম(৩০)কে তিন লক্ষ টাকার মুল্যবান ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এ ঘটনায় নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত তিন আসামীকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান,আজকের মামলাটি ছাড়াও লিটন দেবের বিরুদ্ধে নবীনগর থানার ১৪টি, মনি রানী দেবের বিরুদ্ধে ০৭ টি মাদক মামলা রয়েছে, তারা স্বামী-স্ত্রী দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং ময়নুল ইসলামের বিরুদ্ধে ০২টি মাদক মামলা রয়েছে, মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গত কয়েক মাস আগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে লিটন দেবকে মাদক বিক্রীর অভিযোগে এক বছরের সাজা দেওয়া হয়েছিলো,ওই মামলায় জামিনে এসে আবারও মাদক বিক্রী শুরু করেন।