ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সমাজের হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রামের ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজকল্যান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি এসব অনুদানের নগদ অর্থ বিতরণ করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো: মোনাব্বর হোসেনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের আহ্বায়ক রায়হান আলী ভূইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার। অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়নের ৯৬ জন অসহায় দুঃস্থ মানুষের মাঝে ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়। সরকারি- কর্মকর্তা,জনপ্রতিনিধি,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।