বাগেরহাটের শরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় র্যালি, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা সম্মিলিত সম্প্রীতি উদ্যোগের (পিএফজি) আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, পুরোহিত, ধর্মীয় নেতাসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৭জুলাই) সকাল সাড়ে ১০টায় শরণখোলা প্রেসক্লাব চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে পাঁচরাস্তা মোড়ে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। সেখানে পিএফজির সভাপতি সাংবাদিক ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শিক্ষক নেতা অধ্যাপক সাব্বির আহম্মেদ মুক্তা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক বাবুল দাস, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দীন বাদশা, উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মুনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা এম ওয়াদুদ আকন, ইউপি সদস্য তপু বিশ্বাস, যুবদলের আহ্বায়ক ইব্রাহীম মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল জাতি, ধর্মের মানুষ মিলেমিশে একসাথে শান্তিতে বসবাস করে। সম্প্রতি ধর্মীয় ইস্যু নিয়ে দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনায় একটি চক্র সেই শান্তি বিঘিœত করার অপচেষ্টা চালিয়েছে। ওই সব কুচক্রিদের ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।