বাগেরহাটের ফকিরহাট উপজেলার সীমান্তে খুলনা-ঢাকা মহাসড়কে কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে নাহিদ ফেরদাউস(৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ জুলাই) রাত ১১দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট ও মোল্লাহাট উপজেলার মধ্যবর্তী স্থানে সরকারি পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ ফেরদাউস খুলনার খালিশপুর এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে। জানা গেছে নাহিদ ঢাকায় একটি জুতার ফ্যাক্টরিতে চাকুরী করতো। ঈদের ছুটিতে পরিবারের সাথে ঈদ করার জন্য বাড়ি ফিরছিলেন তিনি।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ(ওসি) শেখ আবুল হাসান জানান, ঢাকা থেকে ঈদের ছুটিতে মোটরসাইকেল যোগে খুলনায় বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে দুর্ঘটনাবশত কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালক নাহিদের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।