দিঘলিয়ার উত্তর চন্দনীমহল (ভোগদিয়া) আঃগনি ও আঃরবের বাড়িতে আকরাম মোল্লা ওরফে আঁকা ও রানা মোল্লার নেতৃত্বে ৫০/৬০ জনের এক সশস্ত্র সন্ত্রাসী দল হামলা, ভাঙ্গচুর লুটপাট ও বাড়ির মহিলাসহ সদস্যদের মারধর ও কুপিয়ে মারাতœক জখম করেছে। আহতদের প্রাথমিকভাবে দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দিঘলিয়া থানা ও সংশ্লিষ্টদের সূত্র থেকে জানা যায়, গত ৬ জুলাই সকাল ১০ টার দিকে দিঘলিয়া উপজেলার উত্তর চন্দনীমহল (ভোগদিয়া) নিবাসী শেখ আঃ গনী ও আঃ রবের বাড়িতে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী আকরাম মোল্লা ও রানা মোল্লার নেতৃত্বে ৫০/৬০ জনের এক চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী দল হামলা, বাড়ির মহিলাসহ অন্যান্য সদস্যদের ধারালো রামদা দিয়ে কুপিয়ে ও হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত, স্বর্ণালংকারসহ নগদ টাকা এবং অন্যান্য মালামাল লুটপাট করেছে। এ সময় হামলাকারীরা নগদ ১০ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। বাড়িতে কর্মরত রাজমিস্ত্রীদের মূল্যবান যন্ত্রপাতি ও কাটা লোহার রড নিয়ে যায়। ধারালো রামদা, হাতুড়ি ও রডের আঘাতে আহত ও ক্ষত-বিক্ষত হয়েছে (১) উত্তর চন্দনীমহল (ভোগদিয়া) নিবাসী মৃত দলিল উদ্দিন শেখের পুত্র শেখ আঃ গনী (৬০), (২) শেখ মোসলেম আলীর পুত্র শেখ আল জাবের (২৪), (৩) মৃত ফজলুল হক শিকদারের (কাস্টম) স্ত্রী শাহনাজ বেগম (৫২), (৪) মৃত শেখ দলিল উদ্দিনের পুত্র শেখ সেলিম (৪৮), বাবুল শেখের পুত্র ইমন শেখ (২৮), ফারজানা (২৬) স্বামী অজ্ঞাত সেনাবাহিনী সদস্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে সেনহাটি পুলিশ ফাঁড়ির আইসি এসআই রিপন এ প্রতিবেদককে বলেন, ঘটনার সময় তিনি ক্যাম্পের বাইরে ছিলেন। তবে তিনি জানান, দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।