খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পালেরহাট নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেখ আবু আহাদ(২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি গ্যাস বোঝাই ট্রাক মোল্লাহাটের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে আহাদ শেখ ঘটনাস্থলেই নিহত হন। নিহত আহাদ শেখ রামপালের ফয়লা এলাকার শওকত শেখের ছেলে।
খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েই তিনি দ্রুত ঘটনাস্থল আসেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।