প্রতিবছর কোরবানির পশুর হাটে ক্রেতা-দর্শনার্থীদের নজর কাড়ে বড় আকারের গরু।এ সব গরুর আবার বিভিন্ন নামও দিয়ে থাকেন খামারিরা। ব্রাহ্মণবাড়িয়ায় এবার আলোচনায় উঠে এসেছে তেমনই একটি গরু। ৩২ মণ ওজনের ওই গরুটির নাম রাখা হয়েছে ‘খান বাহাদুর।’ জেলার সদর উপজেলার সুলতান ইউনিয়নের বিরামপুর গ্রামের খামারি মোনায়েম খান গরুটির দাম হাঁকাচ্ছেন ২০ লাখ টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, তিন বছর ধরে দেশীয় খাবার খাইয়ে ‘খান বাহাদুরকে’ প্রস্তুত করেছেন মোনায়েম খান। গরুটির প্রতিদিনকার খাদ্য তালিকায় আছে ঘাস, খৈল ও ভূষিসহ দেশীয় বিভিন্ন দানাদার খাবার। বিশালাকৃতির গরুটিকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন উপজেলার বিভিন্ন ইউনয়নের উৎসুক জনতা।
মোনায়েম খান জানান, তিন বছর আগে আবদুল সালাম নামে এক কৃষকের কাছ থেকে আমেরিকান ব্রাহামা জাতের ওই গরুটি কিনেন তিনি। তারপর থেকেই অতি যতেœ গরুটিকে লালন-পালন করছেন। ‘সুঠাম দেহ এবং জমিদারী’ আচরণ করায় গরুটির নাম খান বাহাদুর রাখা হয়েছে।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ. বি. এম. সাইফুজ্জামান বলেন, গরুটি বর্ধনশীল আমেরিকান ব্রাহামা জাতের। এই জাতের গরুগুলো দুইবছরেই ৮০০ থেকে ১ হাজার কেজি ওজনের হয়ে থাকে। খামারি মোনায়েম তার গরুটির দাম ২০ লাখ টাকা চাইছেন। তবে এখন পর্যন্ত গরুটির নির্ধারিত কোনো দাম ওঠেনি।