দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে চাঁদপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ৩ জুলাই রোববার সকালে শহরের ওয়ারলেস এলাকার চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের রশীদ ভবনে
এ কার্যালয় উদ্বোধন করেন দুদকের প্রধান কার্যালয়ের মহাপরিচালক (মানি লন্ডারিং) মাহমুদুল হোসাইন খান। এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে
আয়োজিত এক মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আখন্দ,চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মোঃ শেখ সাদী।
স্বাগত বক্তব্য রাখেন দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মাহম্মদ হাসান।আরো বক্তব্য,রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন।
সভা পরিচালনা করেন দুদক চাঁদপুরের সহকারী পরিচালক জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ও সুধীজন
উপস্থিত ছিলেন।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি -
সভায় প্রধান অতিথি'র বক্তব্যে দুদকের মহাপরিচালক (মানি লন্ডারিং) মাহমুদুল হোসাইন খান বলেন,
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সকে সামনে রেখে সারা বাংলাদেশে একযোগে সম্বন্বিত কার্যালয় উদ্বোধন করা হচ্ছে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে এ উদ্যোগ বড় ভূমিকা পালন করবে।’
তিনি আরো বলেন,আসুন আমরা সবাই চেষ্টা করি নিজেই শুদ্ধ হই, তাহলেই আমরা সুন্দর দেশ গড়তে পারবো। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে। আমরা যেন এই জেলাকে দুর্নীতি মুক্ত জেলা হিসাবে ঘোষণা করতে পারি সেই ভাবেই কাজ করার প্রত্যাশা করছি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১০৬ ডায়াল করে আপনারা সুনির্দিষ্ট তথ্য দিবেন, ঘুষের বিরুদ্ধে সতর্ক হোন। সন্মানিত ব্যাক্তিদের হয়রানি যেন না করা হয়, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া আমাদের তথ্য দিয়ে অনেক বড় সহযোগিতা করে, আমাদের প্রত্যাশা আমরা সবাই একসাথে কাজ করি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা যদি উন্নয়নশীল দেশে পৌঁছতে চাই,তাহলে দুর্নীতিকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে হবে। তিনি জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমাদের অফিস থেকে এ কার্যক্রম শুরু করতে হবে। আমরা যদি নিজের কাজটুকু সঠিকভাবে করতে পারি তাহলে জনগণ সন্তুষ্ট হবে।
উল্লেখ্য, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলা মিলে এ সমন্বিত কার্যালয়টি চালু করা হয়েছে।দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে চাঁদপুরসহ দেশের ১২ জেলায় এদিন নতুন কার্যালয় উদ্বোধন করলো দুদক।
এর ফলে দেশের ৩৬ জেলায় পৌঁছে গেলো দুদকের কার্যক্রম। চলমান ২৪টি সমন্বিত জেলা কার্যালয়ের সঙ্গে নতুন করে যুক্ত হলো চাঁদপুরসহ নতুন এই ১২টি সমন্বিত জেলা কার্যালয়।
দুদকের কার্যালয় চালু হওয়া ১২ জেলা হচ্ছে চাঁদপুর (চাঁদপুর ও লক্ষ্মীপুর), নারায়ণগঞ্জ (নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ), গাজীপুর (গাজীপুর ও নরসিংদী), গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর (জামালপুর ও শেরপুর), নওগাঁ (নওগাঁ ও জয়পুরহাট), কুড়িগ্রাম (কুড়িগ্রাম ও লালমনিরহাট), বাগেরহাট (বাগেরহাট ও সাতক্ষীরা), ঝিনাইদহ (ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা), ঠাকুরগাঁ(ঠাকুরগাঁ ও পঞ্চগড়) ও পিরোজপুর (পিরোজপুর ও ঝালকাঠি) সমন্বিত জেলা কার্যালয়।