ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর সূবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিনা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৩ জুলাই) সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার নয়াদিল নামক এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া মিনা বেগম পৌরশহরের রাধানগর গ্রামের মৃত শাহাদাত হোসেন ভ’ঁইয়ার স্ত্রী।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর সূবর্ণা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় ওই নারী রেললাইন পারাপার হতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এতে তার মাথা ও মুখ থেঁতলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজারুল করিম ভোরের কাগজকে বলেন, পরিবারের সাথে কথা বলে জানা যায় তার মানসিক সমস্যা ছিল। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।