বাগেরহাটের শরণখোলার মঠেরপাড় গ্রামের শামীম মুন্সী (৩৫) নামের এক পলাতক আসামি ১০ বছরের সাজা এড়াতে ১৮ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি।
শনিবার সন্ধ্যায় শরণখোলা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে রাজৈর গ্রামের ব্রাক অফিস এলাকা থেকে আটক করে। রাতেই বিশেষ ব্যবস্থায় দন্ডপ্রাপ্ত শামীমকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
শরণখোলা থানা পুলিশ সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত শামীম মুন্সী বাগেরহাটের শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের বারেক মুন্সীর ছেলে। তার বিরুদ্ধে ২০০৪ সালে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হওয়ার পর থেকে সে পলাতক ছিল।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ঐ মামলায় আদালত তার বিরুদ্ধে ১০ বছরের সাজা ঘোষনা করে। দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।