কিশোরগঞ্জের কটিয়াদীতে ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী কিশোরী(১৫) তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ডাক্তারী পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামের কাজিরমোড় এলাকার তারা মিয়ার ছেলে সজীব মিয়ার(১৯) বিরুদ্ধে ধর্ষিতার পিতা বাদী হয়ে বৃহস্পতিবার কটিয়াদী থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত সজীবকে পুলিশ শুক্রবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। ভিকটিম স্থানীয় একটি অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।
মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সজিব মিয়া ও প্রতিবন্ধী কিশোরী একই গ্রামের পাশাপাশি বাড়ি। সে সুবাদে সজিব মিয়ার বাড়ির আঙিনা দিয়ে ভিকটিম কিশোরী প্রায় সময়ই যাতায়াত করতো। গত এপ্রিল মাসের প্রথম দিকে বাকপ্রতিবন্ধী কিশোরী সজিব মিয়ার বাড়ির আঙিরা দিয়ে যাওয়ার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সজিব তাকে ফুসলিয়ে ঘরে নিয়ে দরজাবন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানালে ইশারা ইঙ্গিতে ভয়ভীতি প্রদর্শন করে। ভয়ে সে এতদিন কিছু বলেনি। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখা দিলে তার পিতা মাতা ডাক্তারী পরীক্ষার জন্য কটিয়াদীতে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসেন। ডাক্তারী পরীক্ষায় কিশোরী তিনমাসের অন্তঃসত্বা বলে জানা যায়। ঘটনার বিষয়ে জানতে চাইলে কিশোরী তার পিতা মাতাকে ইশারা ইঙ্গিতে ঘটনার বর্ণনা দেন এবং সজিবকে দেখিয়ে দেয়। এ নিয়ে গ্রাম্য শালিসে সজিব ঘটনার সত্যতা স্বীকার করে।
মামলার বাদী জানান, আমার মেয়ে জন্মগতভাবে বাক প্রতিবন্ধী। এ দুর্বলতার সুযোগ নিয়ে সজিব মিয়া আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো: কামাল জানান, অভিযুক্ত সজিবকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং-০৩) ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত সজিব মিয়াকে গ্রেপ্তারের পর আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।