বাগেরহাটের মোল্লাহাটে স্থানীয় দলাদলির জেরে নাইমা আক্তার নামে ৮ম শ্রেণির এক মেধাবী ছাত্রীকে বেত্রাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে তার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাছিবুর রহমানের বিরুদ্ধে। উপজেলার ঐতিহ্যবাহী সাচিয়াদাহ-চুনখোলা মাধ্যমিক বিদ্যালয়ে গত বুধবার দুপুরে এঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীর পিতা শাসন গ্রামের এবাদুল হক শরীফ মোল্লাহাট উপজেলা নিবার্হী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ, ভিকটিম ও তার পরিবার সুত্রে জানা যায়, সহকারী প্রধান শিক্ষক ও এবাদুল হক শরীফের বাড়ি একই গ্রামে এবং তাদের মাঝে স্থানীয় দলাদলি সংক্রান্ত বিরোধ রয়েছে। ঘটনার দিন অন্য এক শিক্ষার্থীর ধাক্কা লেগে বিদ্যালয়ের একটি বেঞ্চ পড়ে যায়, ওই বেঞ্চ পড়ে যাওয়ার অজুহাতে প্রথমে দুই শিক্ষার্থীকে বেতের লাঠি দিয়ে একটি করে আঘাত করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ হাছিবুর রহমান। এরপর নাইমা আক্তারকে বেপরোয়া বেত্রাঘাত করায় তার বাম হাতের গোড়া (কৌটা) সরে গিয়ে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম/আহত হয়। এরপর আহত অবস্থায় নাইমা বাড়িতে ফিরে তার মা-বাবার কাছে জানায়। এহেন ঘটনায় গুরুতর আহত নাইমাকে তার মা-বাবা দ্রুত গোপালগঞ্জের জনৈক অর্থপেডিক ডাক্তারের কাছে নেন এবং তার পরামর্শে চিকিৎসা চলছে।
ভিকটিম ও তার পরিবারের পক্ষ থেকে এঘটনার যথাযথ বিচার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বেত্রাঘাতের কথা স্বীকার করে অভিযোগের বিষয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ হাছিবুর রহমান বলেন, ওই পরিবারের কারো সাথে তার কোন বিরোধ নেই। কয়েক দিন আগে একটি বেঞ্চ পড়ে এক ছাত্রের একটি নখ উঠে গেছে, লোহার বেঞ্চ গুলো অনেক ওজন, এতে শিক্ষার্থীদের বড় কোন ক্ষতি হতে পারে, তাই তারা যেন বেঞ্চ ফেলার মাধ্যমে ক্ষতির শিকার না হয় এবং শৃংখল হতে শেখে সেজন্য শিক্ষক হিসেবে শাসন করা হয়েছে। ওই ছাত্রী মেধাবী বলেও জানান তিনি।
এবিষয়ে মোল্লাহাট উপজেলা নিবার্হী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।