গতকাল ২৮ জুন মঙ্গলবার গভীর রাতে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার কেটলা নামক গ্রামে এক দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গতকাল রাত সাড়ে ৩ টার দিকে কেটলা গ্রামের প্রল্লাদ বিশ্বাসের পুত্র পান ব্যবসায়ী খোকন বিশ্বসের বাড়িতে ১০/১৫ জনের এক সংঘবদ্ধ ডাকাত দল বাড়িতে ঢুকে এবং অস্ত্রের সাহায্যে বাড়ির সকল সদস্যকে জিম্মী করে ৭ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে অবাধে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনা জানার পর দিঘলিয়া থানা পুলিশ ও গাজীরহাট ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দিঘলিয়া থানা ওসি তদন্ত রিপন কুমার সরকার এ ডাকাতির ঘটনা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতির সাথে জড়িত চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর অভিযান অব্যহত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।