নাটোরের সিংড়ার চলনবিল থেকে প্রায় ৫ হাজার মিটার বানার বাঁধ অপসারন করা হয়েছে। রোববার বিকেল ৫টায় জেলারবাতা এলাকা থেকে এই বাঁধ অপসারন করা হয়। সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান অভিযান পরিচালনা করে এই অবৈধ বাঁধ অপসারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন প্রমূখ।
জানা যায়, চলনবিলে বন্যার পানি আসার সাথে সাথে এক শ্রেণির প্রভাবশালীরা পানি আটকিয়ে বানার বাঁধ দিয়ে মা মাছ শিকার করছিল। খবর পেয়ে জোলারবাতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এদিকে প্রশাসনের এই অভিযানকে অভিনন্দন জানিয়ে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, চলনবিলের মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বানার বাঁধ, সোঁতি ও চায়না দুয়ারী জাল বন্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।