ঝিকরগাছায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ঝিকরগাছা হাসপাতালে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া এবং খাদ্যভ্যাস জনিত কারণে গত ৮/১০ দিনে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
সরেজমিনে শনিবার দুপুরে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ভর্তি থাকা রোগীদের অধিকাংশই ডায়রিয়ায় আক্রান্ত। উপজেলার বর্ণি গ্রামের বিপ্লবের স্ত্রী গোলাপি খাতুন (২৪) জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, এখন অনেকটা ভালো আছি। এছাড়াও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ঝিকরগাছা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা হলেন- উপজেলার পাল্লা গ্রামের তোতা বিশ্বাসের স্ত্রী শিরিনা বেগম (৫০), সাগরপুরের মিলন হোসেনের ছেলে আরশ(৪), শ্রীরামপুরের হাসেম মোড়লের ছেলে রবিউল ইসলাম সুজন (৪৩), একই গ্রামের মফিজুরের ছেলে মারুফ হোসেন (৪৫) এবং পৌরসভার হাজিরালী গ্রামের রবিউল ইসলামের স্ত্রী প্রিয়া খাতুন (২০), মোবারকপুরের বেলায়েত হোসেনের প্রবাসী ছেলে আলমগীর হোসেন (৪২), একই গ্রামের রনো বিশ্বাস (৮০), পারবাজারের সোলায়মান হোসেনের মেয়ে সোনিয়া খাতুন (২২)। আক্রান্তদের সাথে আলাপকালে জানা গেছে, এদের অধিকাংশরাই গত ২/১ দিনে ভর্তি হয়েছেন।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এস কে রাজিবুল ইসলাম বলেন- আবহাওয়া জনিত এবং খাদ্যভ্যাস জনিত কারণে গত ৮/১০ দিন ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। প্রতিদিন ৬/৭ জন রোগী ভর্তি হচ্ছেন আবার চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই।