রংপুরের পীরগঞ্জে কৃষক রাজা মিয়া হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গত বুধবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মোঃ তারিখ হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্তরা হলেন- চতরা ইউপি সদস্য আনিসুর রহমান, বড় আলমপুর ইউপি সদস্য আবু সায়েমসহ আফসার আলী, সমশের আলী, আল আমিন, শাহ আলম, আবদুল লতিফ ও বাদশা মিয়া। মামলার বিবরণে জানা যায়, বিগত ২০০৭ইং সালের ২৬ মে পীরগঞ্জের বড়আলমপুর ইউনিয়নের একটি বিলের জমির আইলের বাঁধ নির্মাণ নিয়ে ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের কৃষক রাজা মিয়ার সঙ্গে আসামিদের বাকবিতন্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিরা লাঠি, ছোরা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রাজা মিয়ার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই আনছার আলী বাদী হয়ে ২৯ আসামির নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ ১৫ বছর ধরে বিভিন্ন আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ ও বিচারকাজ চলে। মামলায় ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। গত বুধবার আদালত আট জনের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদ-ে আদেশ দেন বিচারক। অন্যদিকে ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) নয়নুর রহমান টফি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।