রংপুরের পীরগঞ্জে রাজা মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৮ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালতের বিচারক। বুধবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ তারিখ হাসান এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামীলা আদালতে উপস্থিত ছিল। এই মামলায় অপর ১৮ আসামীকে খালাস প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পীরগঞ্জ উপজেলার বড় অঅলমপুর এলাকার মৃত নিজামউদ্দিনের পুত্র আনছার আলী, শামসার আলী, একই এলাকার আবদুল মজিদের পুত্র আবু সায়েম, মফিজ উদ্দিনের পুত্র আবদুল লতিফ, আবদুস ছাত্তারের পুত্র শাহআলম, হোসেনপুর এলাকার আবদুল কুদ্দুছের পুত্র আল আমিন, মিনাজ মিয়ার পুত্র বাদশা মিয়া, আনছার আলীর পুত্র আনিছার রহমান।
২০০৭ সালে ২৬ মে একটি বিলের জমির আইলের বাঁধ নির্মাণ করাকে কেন্দ্র করে পীরগঞ্জ উপজেলার ভগবানপুর এলাকার কৃষক রাজা মিয়া নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত রাজা মিয়ার বড় ভাই আমছার আলী ৩২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলার সাক্ষি, যুক্তির্তক শেষে বুধবার বিকেলে ৮ জনকে যাবজ্জীবন, ১৮জনকে বেকসুর খালাস দেয়া হয়। রায়ে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থ দণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এ ছাড়া মামলা চলাকালীন অবস্থায় ৩ আসামীর মৃত্যু হয় এবং ৩ আসামীকে চার্জসীট থেকে বাদ দেয়া হয়। মামলায় ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করে।
রাষ্টপক্ষের আইনজীবী নয়নুর রহমান টপি সন্তোষ প্রকাশ করে বলেন বাদী পক্ষ ন্যায্য বিচার পেয়েছে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আবদুর রশীদ চৌধুরী ও এমদাদুল হক অ্যাডভোকেট বলেন তারা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।