সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন ও তার আওতাধীন ক্যাম্পের স্টাফরা ১৫ দিনে অভিযান চালিয়ে ১৬ টি নৌকা, ৯ টি নিষিদ্ধ জাল সহ বিপুল পরিমান অবৈধ চিংড়ি মাছ আটক করেছে। জানা গেছে গত ১ জুন হতে সুন্দরনের সকল পাশপারমিট বন্ধ ঘোষনা করেছে বন বিভাগ। সেই থেকে ১ জুন হতে ১৫ জুন পর্যন্ত নিয়মিত অভিযান চালিয়ে কাশিয়াবাদ স্টেশন ও তার অধিনস্থ ক্যাম্পের স্টাফরা এ সকল অবৈধ জাল, নৌকা সহ চিংড়ি মাছ আটক করতে সক্ষম হয়। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান বলেন, সুন্দরবনে পাশ পারমিট বন্ধ করার পর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত অবৈধ জাল আটক করার পাশাপাশি নৌকা সহ চিংড়ি মাছ আটকের জন্য অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে আটককৃত মাছ প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে রাজস্ব আদায় করা হয়েছে। বিশাল আয়তনের এই সুন্দরবনের সম্পদ রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, খুলনা রেঞ্জের অধিনস্থ সব এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রাখা হয়েছে। আটককৃত জাল, নৌকা ও চিংড়ি মাছের ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।