সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে বিদ্যুৎ কেন্দ্রীয় সংযোগ ক্যাবল চুরি হওয়ায় পুরো হাসপাতাল এখন অন্ধকারে নিমজ্জিত। টিকেট কাউন্টার, চিকিৎসকের রুম, জরুরী বিভাগের চিকিৎসা সেবা চলছে মোমবাতি এবং মোবাইলের আলো দিয়ে। অনেকটা হাসপাতালে বিরাজ করছে ভুতুরে অবস্থা।
হাসপাতালে গিয়ে দেখা যায় ৪ বছরের ছোট বাচ্চার ঠোঁটের অভ্যন্তরে কেটে গেলে তার সেলাই দেয়া হচ্ছে মোবাইলের আলো দিয়ে। বাচ্চাটি একে ঠোঁট কেটে গেছে, উপরন্ত প্রচন্ড গরমে খুব কষ্ট পাচ্ছে। জরুরী অপারেশন ও অক্সিজেন সাপ্লাই বন্ধ আছে, শ্বাস কষ্ট রোগীদের জরুরী ন্যাবুলাইজার,অক্সিজেন দেয়া সম্ভব হচ্ছে না। কার হাত পা ভাঙ্গলে এক্স রে করা সম্ভব হচ্ছে না। এ রকম হাজারো সমস্যায় ভুগছে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের রোগিরা। এ অবস্থা বিরাজ করলেও কর্তৃপক্ষের যেন করার কিছুই নেই।
জানা গেছে, এ হাসপাতালে প্রায় বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলেও চোর থাকে ধরা ছোঁয়ার বাইরে।
মজার ব্যাপার হলো যতবারই নতুন তার লাগানো হয়, ততবারই চুরি হয়।
আরও অভিযোগ পাওয়া গেছে রাতের বেলা হাসপাতালে ভর্তি থাকা রোগিদের মোবাইল, নগদ টাকা চুরি যায়।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও মোহাইমিনুল ইসলাম হাসপাতালের কেন্দ্রীয় বৈদ্যুতিক সঞ্চালন লাইন চুরির অভিযোগের সত্যতা স্বীকার করেন।
বাংলাদেশ কৃষকলীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আবদুস সবুর আলম জানান,সিসি ক্যামেরার আওতায় হাসপাতাল। তাছাড়া রয়েছে ডে এবং নাইট গার্ড। তারপরও বার বার তার চুরির ঘটনা কেন যেন রহস্যজনক মনে হয়।