নেত্রকোনার দুর্গাপুরে টানা কয়েকদিনের বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার ভোরে নদীর পাড় ডুবে পানি পৌর শহরে প্রবেশ করে হাট-বাজার, দোকানপাট,শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদসহ ঘর বাড়িতে পানি ডুকে পৌরবাসী পানিবন্দী হয়ে পড়ে। অন্যদিকে উপজেলার দুর্গাপুর, গাওকান্দিয়া, বাকলজোড়া, চন্ডীগড়,কুল্লাগড়া,কাকৈরগড়া, বিরিশিরি ইউনিয়নে পানিবন্দী হয়েছে লাখো মানুষ। দুপুরে সরেজমিন ঘুরে করে এমন চিত্রই দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টানা বর্ষন ও উজান থেকে আসা পানি ভোর থেকেই পৌর শহরের চরমোক্তারপাড়া,দক্ষিরপাড়া, মুজিবনগর আবাসন, এমপির মোড় ,প্রেসক্লাব মোড়, সহ বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করে শহরের বেশকিছু দোকানপাট প্রায়ই বন্ধ হয়ে যায়। এছাড়াও উপজেলার সবকয়টি ইউনিয়নের নিম্নাঞ্চাল এলাকার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। নৌকা কলা গাছের ভেলা তৈরি করে মানুষ প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার চেষ্টা করছে। বয়স্ক ও শিশুদের নিয়ে চরম উৎকন্ঠার মধ্যে রয়েছেন পানিবন্দী পরিবারগুলো। বিশেষ করে উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের গ্রামগুলোর ঘরবাড়ি, রান্না ঘর,মসজিদ সবকিছু প্রায় পানির নিচে তলিয়ে গেছে। অনেক এলাকার কৃষি জমি, ঘরবাড়ি, বাজার, মসজিদসহ সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে যাবে এমনই শঙ্কায় ভুগছেন স্থানীয়রা। এছাড়াও ধানের বীজতলা ডুবে গিয়ে প্রায় শতাধিক পুকুর থেকে মাছ ভেসে গেছে। মাদরাসা, মসজিদসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি থাকায় পবিত্র জুমআর নামাজ আদায়ে সমস্যায় পড়তে হয় মুসল্লীদের।
এদিকে পৌর শহরের ভাঙ্গাব্রীজ এলাকার মোঃ মান্নান মিয়ার নতুন তৈরি দোকান নদীগর্ভে চলে গেছে। শেষ স¤॥^ল হাড়িয়ে নিঃস্ব মান্নান মিয়া। তিনি বলেন,আমার এত টাকা ও নেই এত সম্পতিও নেই। অনেক কষ্টকরে প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে দোকানটি বানিয়েছিলাম তা ঢলের পানিতে নিয়ে গেলো নিঃস্ব হয়েগেলাম।
গাওকান্দিয়া গ্রামের মাহাবুবুর রহমান জানান, চারদিকে পানি আর পানি বের হওয়ার কোনো রাস্তা নেই সব রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজারেও কমর পানি। এলাকার সব মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। এমন অবস্থায় খাদ্য সংকট দেখা দিচ্ছে উপজেলা প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।
এছাড়াও নদীর পাড় ভাঙ্গা অব্যাহত থাকায়, কুল্লাগড়া, উত্তর ফারংপাড়া কামারখালী, ইসলামপুর, বিজয়পুর, ভবনীপুর, দাহাপাড়া, বন্ধউষান এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। ফারংপাড়া গ্রামের বাসিন্দা মাসুম মিয়া বলেন, নদী ভাঙনের জন্য আমরা খুবই আতঙ্কে আছি। সবসময় ভয়ে ভয়ে থাকি। কারণ, কখন যে ঘরবাড়ি ভেঙে নিয়ে যায় সেই চিন্তায় রাতে ঘুম আসে না। এলাকাবাসীর অভিযোগ সোমেশ্বরী নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ শুরু হলেও কাজের মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ কল্পে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।
এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, এলাকায় বন্যার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মহোদয় কে সাথে নিয়ে উপজেলা বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। নিম্ন এলাকার পানিবন্দী পরিবারের মাঝে জরুরী ভিত্তিতে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। নদী ভাঙন ও বন্যা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। পাশাপাশি সকল ইউনিয়নের চেয়ারম্যানদের তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। মহান সৃষ্টিকর্তা সহায় থাকলে পরিস্থিতি সামলে নিতে পারবো ইনশাআল্লাহ্।