বগুড়ার আদমদীঘিতে বাড়ীর পাশে মরিচ ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে জহুরুল ইসলাম (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে বজ্রপাত ও প্রচন্ড বৃষ্টির সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারভোগ গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম শুক্রবার সকালে বাড়ীর পাশে মাঠে মরিচ ক্ষেতে কাজ করতে যায়। এ সময় প্রচন্ড বজ্রপাত ঘটলে যুবক জহুরুল ইসলাম মরিচ ক্ষেতের মাঠে অজ্ঞান হয়ে পড়ে। ঘটনার কিছুপর স্থানীয়রা দেখতে পেয়ে তাকে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আবদুল হক আবু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।