কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বপরিবারে হত্যা করেছিল। ওরা এখনো তৎপর রয়েছে। ওরা স্লোগান দেয় ৭৫ এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। তাই তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
বুধবার (১৫ জুন ) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ শুধু বিদেশী সাহায্যের উপর নির্ভরশীল নয়। নিজেদের টাকায় স্বপ্নের পদ্মা সেতু করেছি। দেশের কোন মানুষ এখন আর না খেয়ে থাকেনা। বিএনপির আমলে ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ চলে যেত। কিন্তুর এখন দেশে বিদ্যুৎ এর সমস্যা নেই। বেগম খালেদা জিয়া ও সাইফুর রহমান ইনকাম ট্যাক্স দেন নাই। খালেদা জিয়ার পুত্ররা বিদেশে টাকা পাচার করেছে। তাদের মুখে বড় বড় কথা মানায় না।
মন্ত্রী আরো বলেন, আমার আত্ম বিশ্বাস উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বাংলার মানুষ জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে।
কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, সদস্য অ্যাডভোকেট এ বিএম রিয়াজুল কবীর কায়সার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, তানভীর হাসান ছোট মনির এমপি ও এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের প্রমুখ।
পরে মোজহারুল ইসলাম তালুকদারকে সভাপতি এবং আনোয়ার হোসেন মোল্লাকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ।