রংপুরের পীরগঞ্জে স্ত্রী বাড়িতে না আসায় ব্যবসায়ী শ্বশুরকে অপহরণ করেছে জামাই। অপহরণের ৪ ঘন্টা পর থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত শ্বশুরকে আহত অবস্থায় উদ্ধার করেছে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে মেডিকেলে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার খালাশপীর হাটে থেকে ওই অপহরণের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ৪ মাস পূর্বে বড় আলমপুর ইউনিয়নের আকুবের পাড়া গ্রামের সোবহান আলীর পুত্র রাকিবুল ইসলামের সঙ্গে পার্শ¦বর্তী একই ইউনিয়নের ছোট রসুলপুর গ্রামের মসলা ব্যবসায়ী জয়নাল আবেদীনের কন্যা তাসনিম বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এরই সূত্র ধরে দেড় মাস পূর্বে তাসনিম বেগম অভিমান করে বাবার বাড়ি চলে যায়। রাকিবুল প্রায়ই মোবাইলে তাসনিমকে বাড়িতে আসতে বলেন। কিন্তু তাসনিম বেগম তার শ্বশুর-শ্বাশুড়ী নিতে না আসা পর্যন্ত বাবার বাড়ি ছেড়ে যাবেনা বলে জানান। এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে তাসনিমসহ তার বাবা জয়নাল আবেদীন ও ভাই মশিউর রহমানকে প্রায়ই মোবাইল ফোনে নানাভাবে হুমকী ধমকি দিয়ে আসছিল। একপর্যায়ে গত সোমবার রাতে রাকিবুল তার লোকজন নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে খালাশপীর হাটে আসে। হাটে মসলার দোকান থেকে নামাজের উদ্দেশ্যে শ্বশুর জয়নাল আবেদীন মসজিদে যাওয়ার সময় ওতপেতে থাকা রাকিবুল ও তার লোকজন আকষ্মিকভাবে মুখে গামছা পেঁচিয়ে প্রথমে অটোরিকশা ও পরে মোটর সাইকেলযোগে বলপুর্বক অপহরণ করে নিয়ে যায়। এদিকে এক প্রত্যক্ষদর্শী তাৎক্ষণিক ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সাহায্য চাইলে রাতেই পীরগঞ্জ থানা পুলিশ অপহৃত জয়নালকে উদ্ধারে অভিযান চালায়। প্রায় ৪ ঘন্টা অভিযান শেষে জয়নাল আবেদীনকে আহত অবস্থায় উদ্ধার পূর্বক পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে দেয়। পীরগঞ্জ থানার এসআই অনন্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কেউ গ্রেফতার হয়নি।